ঢাকার সাভারের হেমায়েতপুরে কয়েকটি পোশাক কারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা করেছে বহিরাগতরা। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সাভারে শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, সকাল থেকে পরিস্থিতি ভালোই ছিল। মাঝখানে দুই-একটি গার্মেন্টসে বহিরাগতরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে। প্রকৃতপক্ষে তারা শ্রমিক কি না, সে বিষয়ে আমরা কোনও তথ্য পাইনি। বহিরাগতরা হেমায়েতপুরকেন্দ্রিক গার্মেন্টসগুলোতে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেছিল। তবে আমরা খুব সহজেই তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিবেশ-পরিস্থিতি খুবই ভালো আছে।
শ্রমিক অসন্তোষের কারণ জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের আন্দোলনের অন্যতম বিষয় ছিল মজুরি বোর্ড গঠন। ইতিমধ্যে বোর্ড গঠন করা হয়েছে এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। এ নিয়ে বৈঠকও হয়েছে। তবে এর মধ্যে তৃতীয় একটি পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করে নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
হেমায়েতপুরে কতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। একটি কারখানার সামনে শ্রমিকদের অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিভিন্ন ইউনিটের শতাধিক সদস্য মোতায়েন রয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে আইপি পুলিশ, এপিবিএন, ঢাকা জেলা পুলিশ লাইনস, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিজিবির সদস্য রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের গুলিতে হতাহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি জানান, ৫ আগস্টের পর বাংলাদেশ পুলিশের কোথাও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তথ্য তার জানা নেই। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজন অনুযায়ী বল প্রয়োগ করা হলেও তাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয় না বলে দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, এসব খবরের সত্যতা যাচাই করা প্রয়োজন। সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও পটভূমি যাচাই করলে বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
পরিস্থিতি অস্থিতিশীল করার বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদাপোশাকে কাজ করছেন। পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
গুজব ছড়ানোর বিষয়ে তিনি বলেন, পুলিশের সাইবার নিরাপত্তা দল এ ধরনের ঘটনা নিয়ে কাজ করছে। ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে শ্রমিকদের উসকে দিয়ে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।