উড়াল সড়কে একসঙ্গে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী ও সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে উড়াল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ বাবা-মা নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়াল সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নাওজোড় হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে সফিপুর উড়াল সড়কের ওপর দুর্ঘটনার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দেখে, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি শিশুসহ একজন পুরুষ ও একজন নারীর লাশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, পুরুষ ও নারী স্বামী-স্ত্রী এবং শিশুটি তাদের সন্তান। তবে কীভাবে মোটরসাইকেলটি দুর্ঘটনা ঘটলো তা জানা যায়নি। উড়াল সড়কে কোনও সিসি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার কারণ জানা যায়নি। কোনও প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেলটি কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তথ্য উদঘাটনে আমরা কাজ করছি। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।