ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ ও এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই ঢাকার মিরপুরের শেওড়াপাড়া থেকে একটি মোটরসাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিলেন। পথে সমষপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা শুনতে পেরেছি অজ্ঞত একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। 

তবে নিহত দুজনের মধ্যে কী ধরনের সম্পর্ক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘাতক গাড়িটিকেও শনাক্ত করা যায়নি।