গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২০ গাড়ির সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় সংসদ সদস্যের গাড়িসহ তার বহরের বেশ কয়েকটি গাড়ি এবং অন্যান্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বরইতলায় একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দেয়। একপর্যায়ে ১৫ থেকে ২০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া তার বহরের কয়েকটি গাড়ি, যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

আহত ব্যক্তিদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।