এমপির সংবর্ধনায় হাতাহাতি থেকে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮

কুমিল্লার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঞ্চ ছেড়ে পাশের বিদ্যালয়ে আশ্রয় নেন সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই রাতেই উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় সূত্র ও অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সংসদ সদস্য গোপালপুরে একটি মাটির সড়কে ইট বসানোর কাজ এবং নাগেরচর-গোপালপুর খালের ওপর পুরোনো সেতুর ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। পরে জামাল উদ্দিন প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সংবর্ধনাস্থলে যান তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি এবং আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ তার সমর্থকদের নিয়ে মঞ্চে ওঠেন। এ সময় জামাল উদ্দিন ও এমদাদ হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে একে অপরের ওপর হামলা চালান। সংঘর্ষের সময় সংসদ সদস্য মঞ্চ ছেড়ে পাশের বিদ্যালয়ে আশ্রয় নেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন গোপালপুর গ্রামের ফাহিম (২২), রনি (৩৪), এম এ জিহাদ (১৯) ও ইসলাম (২২)। তাদের মধ্যে ফাহিম ও রনির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক বিল্লাল হোসেন জানান, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সংঘর্ষের ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে এমদাদ হোসেন আখন্দ বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ জামাল উদ্দিন প্রধান আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। তার ছোট ভাই সাইমুন ইসলাম আখন্দকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া পূর্বপরিকল্পিতভাবে তার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ করেন এমদাদ। অনুষ্ঠানে প্রবেশের সময় তাকে ও তার সমর্থকদের বাধা দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। তার কয়েকজন সমর্থক আহত হয়েছেন এবং কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

তবে এসব অভিযোগের বিষয়ে জামাল উদ্দিন প্রধানের বক্তব্য পাওয়া যায়নি। তিনি তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার বক্তব্য জানার জন্য বৃহস্পতিবার রাতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল কেটে দেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

সংঘর্ষের ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার রাতে এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত চিঠিতে তাকে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

এদিকে তিতাস থানার ওসি মমিরুল হক জানিয়েছেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রিজভী
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেলো অটোরিকশাচালকের
সর্বশেষ খবর
পাকিস্তানের হুঙ্কার: ‘হামজাকে নিয়ে ভাবছি না, বাংলাদেশকে হারিয়ে ফাইনাল লক্ষ্য’
পাকিস্তানের হুঙ্কার: ‘হামজাকে নিয়ে ভাবছি না, বাংলাদেশকে হারিয়ে ফাইনাল লক্ষ্য’
বিকালে শহীদ মিনারে বাসদের তৃতীয় কনভেনশন
বিকালে শহীদ মিনারে বাসদের তৃতীয় কনভেনশন
জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রিজভী
জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রিজভী
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা