ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ায় প্রায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) কারখানাগুলোর ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, শনিবার সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন এলাকার কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে থাকায় কর্তৃপক্ষ সেগুলোতে ছুটি ঘোষণা করে।
শনিবার দুপুর ১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ইতিমধ্যে প্রায় ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে কিছু কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এবং কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় ৭-৮টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় লোসাকা গ্রুপের একটি কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানাটির ফটকে টাঙানো নোটিশে বলা হয়েছে, আশুলিয়াসহ দেশের বিভিন্ন কারখানায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। শ্রমিকদের জানমালের নিরাপত্তা, কারখানার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ নভেম্বর শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। কারখানা পুনরায় চালুর তারিখ পরে জানানো হবে।
এ বিষয়ে বীক নিট লিমিটেডের এক নারী অপারেটর বলেন, পাশের কারখানায় ঝামেলা ছিলো ওদের ছুটি দেয়ার পর বাইরের লোকজন আইসা আমাদের অফিসের গেইট ভাঙছে, সিকিউরিটিরে মারছে এই কারণে আমাদের কারখানা বন্ধ রাখছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, হাতে গোনা ১২-১৪ টি কারখানায় সমস্যা ছিলো। ওই সকল কারখানার সমস্যাগুলো চিহ্নিত করে যদি সমাধানের উদ্যোগ নেওয়া হয় তবে কিন্ত সমাধান সম্ভব। এসকল কারখানার বকেয়া বেতন, কাজের প্রেসার, অসদাচরণসহ নানা বিষয়ে শ্রমিকদের দীর্ঘদিন ক্ষোভ ছিলো। পুঞ্জিভূত এ ক্ষোভকে অস্থিতিশীলতায় পরিনত করতে বহিরাগত দুষ্কৃতকারীরা কাজে লাগিয়েছে। এখন মালিকপক্ষ সুযোগ নিচ্ছে। যেসকল কারখানা বন্ধ ঘোষণা করেছে ওই সকল কারখানায় শ্রমিক ছাটাই যেন না হয় সে বিষয়ে সরকারকে খেয়াল রাখতে হবে।