ফরিদপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় ভর্তি ৪৪ জন

ফরিদপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি হিসাব অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১৭৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে বেসরকারি হাসপাতালগুলোতেও প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন।

ডেঙ্গুর বিস্তার রোধে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। ফগার মেশিনের মাধ্যমে ড্রেন, বাসাবাড়ি ও আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গুর মতো রোগ থেকে নিরাপদ থাকা সম্ভব।

ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলয়াছুর রহমান বলেন, ফরিদপুর পৌরসভায় ২৭টি ওয়ার্ড রয়েছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পৌর এলাকার সব ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফগার মেশিনের মাধ্যমে ড্রেন, বাসাবাড়ি ও আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। সরকারি বরাদ্দের পাশাপাশি পৌরসভার নিজস্ব অর্থায়নেও এ কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।