মোটরসাইকেল আরোহী নিহতের পর গোপালগঞ্জে বাসে আগুন

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মহিবুল্লাহ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। 

শনিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহ চন্দ্রদিঘলীয়া গ্রামের সুফি সাহেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী বাস চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ প্রাণ হারান এবং ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’