মুন্সীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গার্মেন্ট মালিক গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মালিক আনোয়ার মাঝির (৬০) বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। তিনি ওই কারখানার একজন নারী শ্রমিক।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কাঠালতলী গ্রামের ইন্ডিয়ান টেক্সটাইল নামের কারখানার ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে কারখানার একটি কক্ষে আটকে রাখা অবস্থায় স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মালিক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কারখানায় পোশাকের এমব্রয়ডারির কাজ করা হয়। সেখানে প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করেন। ভুক্তভোগী কিশোরীর মা গত দুই মাস ধরে কারখানাটিতে কাজ করছেন। মায়ের সঙ্গে কিশোরীও প্রায়ই কারখানায় যাতায়াত করতো। মাঝেমধ্যে মায়ের কাজে সহযোগিতাও করত সে।

সিরাজদিখান থানার ওসি আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কারখানার মালিক আনোয়ার মাঝি কিশোরীকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে জোরপূর্বক ধর্ষণের পর তাকে কক্ষের ভেতরে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। পরে কিশোরীর মা ও অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করেন।

ওসি আরও জানান, শুক্রবার দিবাগত রাতে অভিযুক্ত আনোয়ার মাঝির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার মাঝিকে রবিবার ভোরে গ্রেফতার করা হয়।