টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার মামলায় ছেলে ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইউনুস মণ্ডল (২৫) মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ইউনুস তার মা ফুলমালা বেগমের সঙ্গে একই বাড়িতে থাকতেন এবং কৃষিকাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করতেন তিনি।
২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মাকে গালিগালাজের একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি নিয়ে এসে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন ইউনুস। এতে গুরুতর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ফুলমালা বেগম।
এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ ইউনুসকে গ্রেফতার করে। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিও উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, বিচার চলাকালে অভিযোগ গঠনের সময়ও ইউনুস আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান।
মামলার সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদন ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এ দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।