আরিচা ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পুলিশ বলছে ‘শর্টসার্কিট’

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট ফেরি টার্মিনালে পার্কিং করে রাখা একটি ট্রাকের কেবিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম জানান, আগুন লাগার পর স্থানীয় লোকজন দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন আশপাশের অন্য যানবাহনে ছড়িয়ে পড়েনি।

জানা গেছে, ট্রাকটির মালিক স্থানীয় ব্যবসায়ী আব্দুল লতিফ মল্লিক। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।

শিবালয় থানার  ওসি আমিনুল ইসলাম বলেন, ট্রাকের মালিকের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। টার্মিনালে ট্রাকটি ছাড়াও আরও অনেক যানবাহন পার্কিং করা ছিল। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আগুন অন্য যানবাহনে ছড়িয়ে পড়েনি।