নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী অভিযোগে গ্রেফতার ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন

মুন্সীগঞ্জ শহর সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার ঘটনায় গ্রেফতার ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৩ কিশোর ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে অপর চার জনের জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী অভিযোগে তাদের গ্রেফতার করেছিল পুলিশ।

শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহানারা ফেরদৌস এবং মুন্সীগঞ্জ সদর আমলি আদালতের বিচারক মো. আশীকুর রহমান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, ‘পৃথক দুটি আদালতে শুনানি শেষে উভয় আদালতের বিচারক ৩৭ জনের জামিন মঞ্জুর করেন। ৩৩ জনকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহানারা ফেরদৌস এবং অপর চার জনকে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান জামিনের আদেশ দেন। চার জনের বয়স আঠারো বছরের বেশি হওয়ায় পৃথক আদালতে জামিন শুনানি হয়।’

এর আগে গত শুক্রবার বিকালে শহরের মোল্লাচর এলাকার সংলগ্ন ধলেশ্বরী নদীতে একটি নৌযানে একদল কিশোরকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। পরে একটি নৌযান থেকে ৭-৮ জন কিশোরকে আটক করে পুলিশ। এ ছাড়া স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অন্য কিশোর ও যুবকদের আটক করে পুলিশে দেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন বলেন, ‘ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে—এমন সংবাদের ভিত্তিতে নদীর তীরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ট্রলারে করে দলবদ্ধভাবে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা নোঙর করা কার্গো জাহাজ থেকে আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। জয় বাংলা স্লোগানে মিছিল করে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক ৩৭ কিশোর ও যুবককে গত শনিবার আদালতে পাঠানো হয়। ওই দিন বিকালে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’