ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় ঘাটে আটকা পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও যানবাহন।

বুধবার (১৮ নভেম্বর) ভোর পৌনে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন জানান, ভোর থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। আটকা পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। প্রচণ্ড শীতের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।