সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকরা

দিনভর শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। খুলে দেওয়া হয়েছে অধিকাংশ পোশাক কারখানা। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন কারখানায় শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করে কাজে যোগ দিতে দেখা গেছে। কর্মস্থলে ফিরতে পেরে শ্রমিকদের মধ্যেও স্বস্তি দেখা গেছে।

বুধবার সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোড়, জরুন, কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, ভবানীপুর, মেম্বারবাড়ী, শিরিরচালা, নতুন বাজার, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী, আসপাডা মোড় ও টঙ্গী এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। এ সময় কারখানার সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার কোথাও নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার দিনভর ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। মহানগরীর ভোগড়া বাইপাস এবং শ্রীপুরের ২ নম্বর সিএন্ডবি ও আসপাডা এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে। এতে পুলিশ, শ্রমিক ও সাংবাদিকসহ অনেকে আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার জেলার প্রায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া দিনভর বিক্ষোভের একপর্যায়ে অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। তবে কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত ছিল।

বুধবার সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করায় শ্রমিকদের মধ্যে কর্মস্থলে ফেরার স্বস্তি দেখা গেছে।

গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার ছুটি ঘোষণা করা অনেক কারখানায় বুধবার উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। সকাল থেকে কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।