সারা দিন গোপালগঞ্জে যা ঘটলো, হঠাৎ কারাগারে বাড়তি নিরাপত্তা

গোপালগঞ্জে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতসহ কয়েকদিনের তাণ্ডবের পর আতঙ্ক তৈরি হয়েছে টুঙ্গিপাড়া, কাশিয়ানী, সদরে। সেই সঙ্গে অন্য উপজেলাগুলো অশান্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ নিয়ে জেলাজুড়ে একটি চাপা আতঙ্ক বিরাজ করছে।

উদ্ভূত এই পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। কারাগারের সামনের ফটকে এবং সড়কে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।

এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করেছে। এ ছাড়া গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্কুলে আগামীকাল থেকে শুরু হওয়া পরীক্ষা বাতিল করেছে স্কুল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে জেলা শহরে থমথমে পরিস্থিতি ও স্থবিরতা দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কগুলোতে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল বাড়ে সড়কে। পাশাপাশি শহরের কিছু কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থী উপস্থিতি নাই বললেই চলে। সাধারণ মানুষের চলাফেরায় সতর্কতা লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকায় লোকজন মঙ্গলবার রাতের বিষটি নিয়েই আলোচনা করছেন।

gopalganj-bangla-tribune2

সকালে জেলা শহর বা টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখা যায়নি। তবে বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্য ও বেশকিছু গাড়ি দেখা গেছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের গেটে পাহারারত বেশ কিছু আনসার সদস্যদেরকে কর্তব্যরত অবস্থায় দেখা গেছে।

আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ বা প্রশাসনের কোনও বক্তব্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পক্ষে বা পুলিশের পক্ষ থেকে কোন অভিযোগও করা হয়নি বলে জানা গেছে।

এদিকে, মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার বৌলতলীতে গ্রামীণ ব্যাংকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে তেমন ক্ষতি হয়নি। দুপুর ১২ টার দিকে গোপালগঞ্জ আইনজীবী সমিতি শেখ হাসিনার পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে কয়েকবার মিছিল, শোডাউন করেছে।

ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কাশিয়ানীর একটি গ্রামীণ ব্যাংকে আগুন ও বিএনপি কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে। মিছিলের সামনে পড়া সাদা পোশাকের এক পুলিশ ইন্সপেক্টরকে কুপিয়েছে।

এদিকে, সদর উপজেলার বৌলতলী, সাতপাড়, সাহাপুরের ইউনিয়ন বিএনপির কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

gopalganj-bangla-tribune3

এ ছাড়াও জেলার প্রতিটি উপজেলা সদর ও গ্রাম এলাকায় ১৯ নভেম্বরের ‘লকডাউন’ সফল করার জন্য বিক্ষোভ-মিছিল করে ও পায়ে হেঁটে সাধরণ জনগণকে আহ্বান জানিয়েছেন দলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন সরকারি অফিসে সামনের ঢেকে দেওয়া শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মুক্ত করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো খুলে দিয়েছে।

টুঙ্গিপাড়ার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবারের সহিংস ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল গোপালগঞ্জের পরিস্থিতি। কিন্তু মঙ্গলবার বিকালে খেলার মাঠ থেকে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। এতে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে গ্রেফতারদেরকে ছাড়িয়ে নিতে জড়ো হতে থাকে। এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও করার জন্য লোকজন আসার আহ্বান জানালে সেখানে হাজার হাজার লোকজন জড়ো হয়।

এক পর্য়ায়ে তারা থানায় ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। একদিকে লোকজনের ইটপাটকেল নিক্ষেপ আর অন্যদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এগুলো উপেক্ষা করে লোকজন থানার মধ্যে ঢুকে পড়ে। সেখানে থানার বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের চারটি গাড়িতে আগুন লাগানোসহ থানায় আগুন ধরিয়ে দেয়। পরে এর উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো টুঙ্গিপাড়ায়। রাস্তায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়।

gopalganj-bangla-tribune4

এদিকে শতাধিক লোকজনের একটি দল গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানীর বাড়িসহ তার বংশের আরও ১০/১৫টি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। রাস্তায় রাস্তায় ব্যারিকেড আর আন্দোলনকারীরা অবস্থান নিয়ে থাকায় ফায়ার সার্ভিসের গাড়িও আগুন নেভাতে যেতে পারেনি। এ ছাড়া টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় ও স্থানীয় লোকজন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়। যৌথ বাহিনীর সদস্যরা টুঙ্গিপাড়া উপজেলা সদরের দিকে গেলে সেখানে তাদের আটকে দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ছয়টি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। তাদের মধ্যে কমপক্ষে ১০ জনকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।