‘আ.লীগ নয়, বিএনপির বড় শত্রু বিএনপিই’

সামনে বিএনপিকে আরও কঠিন সময় পার করতে হবে উল্লেখ করে সাভার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি বলেছেন, আওয়ামী লীগ এখনও আমাদের বড় শত্রু হয়নি, বিএনপি এখনও বিএনপির শত্রু হিসেবে আছে। আমরা নিজেরাই নিজেদের সহ্য করতে পারি না।

দলের অভ্যন্তরীণ বিভেদ, সুবিধাবাদী নেতাকর্মীদের তৎপরতা এবং ত্যাগীদের যথাযথ মূল্যায়ন না করার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আগে নিজেদের ঘর সামলাতে হবে, এরপর অন্যের দিকে তাকাতে হবে।

বৃহস্পতিবার (১৯ ) সাভারের পাকিজা এলাকায় ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে আয়োজিত এক আলোচনা সভায় সংসদ সদস্যের উপস্থিতিতে এসব কথা বলেন বদিউজ্জামান বদি।

বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর ধরে যারা তারেক রহমানের নির্দেশে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, মিটিং-মিছিলে অংশ নিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। পাশাপাশি যারা সরাসরি আন্দোলনে অংশ নিতে পারেননি, তাদেরও কর্মী হিসেবে বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি। তবে ত্যাগী ও সুবিধাবাদী নেতাকর্মীদের আলাদা করে মূল্যায়নের জন্য কর্মীদের দুটি শ্রেণিতে ভাগ করার প্রস্তাব দেন তিনি।

নিজের রাজনৈতিক জীবনের ত্যাগের কথা তুলে ধরে বদি বলেন, আন্দোলন-সংগ্রামের সময় তাকে আটক করে সেগুনবাগিচায় নিয়ে তিন ঘণ্টা নির্যাতন করা হয়েছিল। এখনো তার পায়ের আঙুলে সেই নির্যাতনের প্রভাব রয়েছে। তবে এসব অভিজ্ঞতা নিয়ে কখনো প্রকাশ্যে কথা বলেননি বলে জানান তিনি।

বিএনপির নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক রাখার অভিযোগ তুলে বদি বলেন, ৫ আগস্টের পর গত দুই বছরে তিনি নিজে কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে বসে এক কাপ চা খেয়েছেন এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে বিএনপির রাজনীতি ছেড়ে দেবেন। অথচ দলের কিছু নেতা আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে চলছেন এবং ব্যবসায়িক স্বার্থে তাদের সঙ্গে সম্পর্ক রাখছেন বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড থেকে সতর্ক হওয়ার আহ্বান জানান।

বিএনপির অভ্যন্তরীণ বিরোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলের মধ্যেই এখনও বিভীষণ রয়েছে। সামনে কঠিন সময় আসছে। তাই নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হতে হবে। দিনে এক রকম, রাতে আরেক রকম আচরণ করেন এমন ব্যক্তিদের চিহ্নিত করে দল থেকে দূরে রাখার আহ্বান জানান তিনি।

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র শওকত সরকারের ভাই ও আশুলিয়া থানা যুবলীগের সভাপতি আগুন সরকারের প্রসঙ্গ টেনে বদি বলেন, একই পরিবারের এক ভাই বিএনপি এবং অন্য ভাই আওয়ামী লীগ করেন এমন ঘটনা দলের ভেতরে রয়েছে। কারও পরিবারের সদস্য আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলে বিষয়টি যাচাই করে দেখার আহ্বান জানান তিনি।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন বদিউজ্জামান বদি। তিনি বলেন, হাসান নামে এক ব্যক্তি রেজিস্ট্রি অফিসের সেক্রেটারি পদে নির্বাচন করেছেন। সেখানে তিনিও প্রার্থী ছিলেন। কিন্তু গত এক সপ্তাহে হাসান নামে মামলা হয়েছে। এসব মামলা কারা দিচ্ছে, তা খুঁজে বের করা প্রয়োজন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আবারও দলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি তুলে ধরে বলেন, বিএনপি এখনো অনেক ক্ষেত্রে নিজেদেরই বড় শত্রু। তাই অন্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আগে নিজেদের সংশোধন করতে হবে।

বক্তব্যে কোনও কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।