আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলে ‘নো মাফ, নো মার্সি’, নেতাকর্মীদের হুঁশিয়ারি নাসেরের

মৌলভীবাজার প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ১৪:২৭ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৪:২৭

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোনও ধরনের সম্পর্ক বা সখ্য না রাখার জন্য নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

তিনি বলেছেন, আওয়ামী লীগের কোনও নেতা কারও ‘ছোট ভাই’ কিংবা ‘বড় ভাই’ পরিচয়ে ছাড় পাবেন না। এ ক্ষেত্রে তার নীতি হবে ‘নো মাফ, নো মার্সি’।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান বলেন, আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দল নয়, এটি একটি জঙ্গি ও দেশবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী। দলটিকে অবিলম্বে জঙ্গি ও উগ্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নেওয়ারও প্রস্তাব দেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাকে আর নেত্রী বলার সুযোগ নেই। তিনি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার দেশে ফেরার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন নাসের রহমান।

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, উলফা নেতাদের ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই ভারত বাংলাদেশের সঙ্গে এ চুক্তি করেছিল, যাতে শেখ হাসিনাও স্বাক্ষর করেছিলেন। সেই চুক্তির আওতায় পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে দাবি করেন তিনি।

নাসের রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকাকালে দেশে লুটপাট, গুম ও খুনের রাজত্ব কায়েম করেছিল। ক্ষমতা ছাড়ার আগে দলটির নেতাকর্মীরা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং ২০ থেকে ২৫ হাজার মানুষকে চিরতরে পঙ্গু করেছে বলেও দাবি করেন তিনি।

সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গোপালগঞ্জে তাণ্ডব এবং ঢাকায় গেরিলা কায়দায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে, অতীতে নাশকতার যেসব দায় বিএনপির ওপর চাপানো হয়েছিল, সেগুলো তারাই করতো। দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনেও আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় বিভিন্ন কারখানার শ্রমিকদের পকেট থেকে লাখ টাকার বান্ডিল উদ্ধারের কথাও উল্লেখ করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নাসের রহমান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশ থেকে নির্মূল করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিদিন রাজপথে থাকতে হবে। বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই রাজপথে এসব কর্মকাণ্ডের প্রতিরোধ গড়ে তোলা হবে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতারা। সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

/আরএইচ/
সম্পর্কিত
‘আ.লীগ নয়, বিএনপির বড় শত্রু বিএনপিই’
মঞ্জুর গাড়িতে আওয়ামী দুস্কৃতকারীদের অগ্নিসংযোগ কাপুরুষোচিত: রিজভী
মিরসরাইয়ে মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড, ওসি বললেন, ‘প্রাকৃতিক দুর্যোগ’
সর্বশেষ খবর
‘আ.লীগ নয়, বিএনপির বড় শত্রু বিএনপিই’
‘আ.লীগ নয়, বিএনপির বড় শত্রু বিএনপিই’
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্যাটারির শক্তিতে উড়লো চীনের ১৯ আসনের উড়োজাহাজ, এক চার্জে পাড়ি দেবে দীর্ঘ পথ
ব্যাটারির শক্তিতে উড়লো চীনের ১৯ আসনের উড়োজাহাজ, এক চার্জে পাড়ি দেবে দীর্ঘ পথ
মুক্তির প্রথম দিনেই ২৩৬ কোটি ডলারের বিক্রি, রেকর্ড গড়লো জিটিএ ৬
মুক্তির প্রথম দিনেই ২৩৬ কোটি ডলারের বিক্রি, রেকর্ড গড়লো জিটিএ ৬
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট