কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও টানা কয়েক দিনের সহিংসতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লকডাউন কর্মসূচি শেষ হওয়ার পর রাত থেকে জেলার কোথাও নতুন করে কোনই সহিংসতা বা নাশকতার খবর পাওয়া যায়নি। প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে এবং রেল চলাচল বন্ধ রয়েছে। রেল চলাচল বন্ধ থাকায় গোপালগঞ্জে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে জানা গেছে।
ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক সচল হলেও থমথমে রয়েছে জনজীবন।
গত বুধবার সন্ধ্যা থেকে সড়কে গাছ ফেলে অবরোধ ও সহিংসতার কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
গোপালগঞ্জের ট্রাফিক পরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, সড়কের ওপর ফেলে রাখা কাটা গাছপালা আংশিক সরানোর পর শুক্রবার সকাল ৬টা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
তবে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সাধারণ যাত্রীদের চোখেমুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য বেদগ্রাম বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রী সোহেল মুন্সী বলেন, গত দুই দিন ধরে জরুরি কাজে ঢাকায় যাওয়ার চেষ্টা করেও যেতে পারিনি। রাস্তায় গাড়ি ভাঙচুর আর আগুনের ভয়ে বাড়ি থেকে থেকে বের হইনি। আজ সকাল থেকে বাস চলছে শুনে বের হলাম, তবে মনের ভেতর এখনও ভয় কাজ করছে।
কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ব্যবস্থাপক মিলন শেখও জানান, ভোর থেকেই ঢাকার উদ্দেশে বাস ছেড়ে গেলেও আতঙ্কের কারণে যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।
কয়েকজন রিকশাচালক, ভ্যানচালকসহ ইজিবাইক চালক বলেন, সারা দিন বৈরী আবহাওয়ার মধ্যে তিন চাকা নিয়ে বের হয়েছি জীবন জীবিকার তাগিদে। কিন্তু শহর তো ফাঁকা, লোকজন নেই- তাই ভাড়া হচ্ছে না। সকাল থেকে এখন পর্যন্ত রিকশা ভাড়া জোগাড় করতে পারিনি। এখন বাসায় স্ত্রী-সন্তানের জন্য চাল-ডাল কীভাবে নিয়ে যাবো?
এদিকে আজ সকাল থেকে জেলা শহরের ওষুধ, কাঁচাবাজার ও খাবারের কিছু দোকান খুললেও অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে।
শহরের বড় বাজারের মুদি ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, টানা কয়েক দিনের অস্থিরতায় আমাদের বেচাকেনা পুরোপুরি বন্ধ ছিল। ক্রেতারা ভয়ে বাজারে আসছেন না। আমরা সাধারণ ব্যবসায়ীরা কোনও সংঘাত চাই না; আমরা চাই শহরে স্থায়ী শান্তি ফিরে আসুক, যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারি। তবে এখন পর্যন্ত ক্রেতাদের আনাগোনা একদমই কম।
গত কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল গোপালগঞ্জ। স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গ্রেফতার করা আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার লকডাউন চলাকালে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ ছাড়া সহিংসতা চলাকালে স্থানীয় সংসদ সদস্যদের বাড়ি, ব্যাংক ও বিজিবির গাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে ২৭ প্লাটুন বিজিবি এবং আর্ট প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলোতে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের সতর্ক টহল দিতে দেখা গেছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ তৎপরতায় জেলার সার্বিক পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল জোরদার করা হয়েছে।
এদিকে শুক্রবার গোপালগঞ্জ পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। গোপালগঞ্জ সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সভা শেষে আইজিপি স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামী দিনেও ভালো থাকবে।
পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলেন, এই থানা জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ কীভাবে করবে? শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শান্তিপ্রিয় মানুষগুলোকে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
সর্বশেষ আজ সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, গোপালগঞ্জ শহরে লোকজনের সংখ্যা একদম কম। অধিকাংশ দোকানপাট রয়েছে বন্ধ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। তবে জরুরি পরিষেবা ওষুধ এবং খাবারের দোকান খোলা রয়েছে। বিভিন্ন চায়ের দোকান এবং আড্ডার স্থান পুরো শূন্য।
ব্যবসায়ী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের বিভিন্ন লোকের মাঝে এখনও চাপা আতঙ্ক বিরাজ করছে।
গোপালগঞ্জ শহরের মুন্না স্পোর্টস নামের দোকানটিতে সবসময় ভিড় লেগে থাকে। কিন্তু আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনও বেচাকেনা হয়নি।
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, গ্রেফতার আতঙ্কে মানুষ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। বৈরী আবহাওয়া থাকার কারণে লোকজনের উপস্থিতি সব ক্ষেত্রে কম এমনটাও বলছেন অনেক ব্যবসায়ী। সবমিলিয়ে অশান্ত গোপালগঞ্জ ধীরে ধীরে শান্ত হচ্ছে।