গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন খুলনার শিরোমণি এলাকার কাউসারের ছেলে তৌহিদুল ইসলাম (৩০) এবং পাইকগাছা উপজেলার মোহাম্মদ টুটুল সরদারের ছেলে রিফাত সরদার (২৫)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে সেগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।