প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। স্থানীয় লোকজনের স্বেচ্ছাশ্রমে সমাধিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়।
শনিবার (২১ নভেম্বর) সকালে এ কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা থেকে সমাধিসৌধ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজনের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে শতাধিক স্থানীয় লোকজন একত্রিত হয়ে সমাধিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করার কাজে অংশ নেন।
অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি জানিয়েছেন, বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিতে পেরে তারা আনন্দিত। কোনও রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়; বরং নিজস্ব আগ্রহ ও ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগে শামিল হয়েছেন।
তাদের ভাষ্য, কর্মসূচিতে অংশ নেওয়ার অনুভূতি একেবারেই অন্যরকম। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও আনন্দঘন পরিবেশে কাজটি করেছেন তারা। বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিকে ঘিরে সমাধিসৌধ প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
গত ১৫ নভেম্বর রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন ও কর্মসূচি পালন করেছিলেন। এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর এই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেন স্থানীয় লোকজন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের জন্য সমাধিসৌধের অভ্যন্তরে প্রবেশ নিষিদ্ধ ছিল।
পরবর্তীতে গত ১৬ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সমাধিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। এরই ধারাবাহিকতায় আজ সমাধিসৌধের সৌন্দর্য ফিরিয়ে আনা এবং নতুন সাজে সাজানোর লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘদিন পর সমাধিসৌধ প্রাঙ্গণে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।