মায়ের কবর জিয়ারত করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (২১ নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নুরুজ্জামান টুকু ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। তার বড় ভাই আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাকে দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজের পর নগরের মহিষবাথান গোরস্তানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। সেখান থেকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে। পরে তার স্বজনেরা গোরস্তান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাজপাড়া থানা এলাকা থেকে নুরুজ্জামান টুকুকে গ্রেফতার করা হয়েছে। পরে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।