ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে গাজীপুরের দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ সংক্রান্ত নোটিশ স্ব স্ব কারখানার গেটে টানিয়ে দেওয়া হয়। রবিবার (২২ নভেম্বর) এবং শনিবার (২১ নভেম্বর) কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্ধ ঘোষণা করা কারখানা দুটি হলো- শ্রীপুর উপজেলার বেতজুরি (নতুন বাজার) এলাকার এসরোটেক্স লিমিটেড এবং গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা (ভবানীপুর) এলাকার গ্রীন ফাইবার কম্পোজিট লিমিটেড। পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় কারখানা পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাসময়ে নোটিশের মাধ্যমে জানানো হবে বলে নোটিশে উল্লেখ করেছে মালিকপক্ষ।
এসরোটেক্স লিমিটেড পোশাক কারখানার মানবসম্পদ বিভাগের সহ-মহাব্যবস্থাপক রিফাত হোসেন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, মজুরি বৃদ্ধির দাবিতে সম্প্রতি চলমান শ্রমিক অসন্তোষ এবং অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কর্তৃপক্ষ কারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার সর্বাত্মক চেষ্টা গ্রহণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর, ১৭ নভেম্বর এবং ১৮ নভেম্বর নির্ধারিত সময়ে কারখানা খোলা হয়। কিন্তু কারখানার শ্রমিকরা বেআইনিভাবে কাজ বন্ধ করে বসে থাকেন। বাইরে থেকে অন্য কারখানার শ্রমিক ও বহিরাগতরা কারখানার প্রধান ফটকে এসে ঢিল ছোড়ে ভাঙচুরের চেষ্টা চালায়।
এতে কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। ১৯ নভেম্বর এসরোটেক্স লিমিটেড কর্তৃপক্ষ যথারীতি কারখানা খোলা রাখে। ওই দিন সব শ্রমিক যথাসময়ে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর কারখানা থেকে বের হয়ে যান।
রবিবার (২২ নভেম্বর) এসরোটেক্স লিমিটেড কর্তৃপক্ষ যথারীতি কারখানা খোলা রাখে এবং সব শ্রমিক কারখানায় প্রবেশ করে বেআইনিভাবে কাজ বন্ধ করে বসে থাকেন। এ সময় পাশের কারখানার শ্রমিকরা কারখানার প্রধান ফটকে এসে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল।
এ অবস্থায় সাধারণ শ্রমিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩ (১) অনুযায়ী ২৩ নভেম্বর (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসরোটেক্স লিমিটেড কারখানার সব বিভাগ ও শাখাসমূহের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথা সময়ে নোটিশের মাধ্যমে জানানো হবে। তবে কারখানার নিরাপত্তা বিভাগ ও ফায়ার সেইফটি বিভাগ বন্ধের আওতামুক্ত থাকবে।
অপরদিকে, গ্রীন ফাইবার কম্পোজিট লিমিটেড কর্তৃপক্ষ স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বেআইনিভাবে শ্রমিকদের ধর্মঘটের কারণে ৯ নভেম্বর থেকে ১০ নভেম্বর, ১৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। ১৯ নভেম্বর শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর কর্মবিরতি শুরু করে কারখানা ত্যাগ করেন।
২১ নভেম্বর সকালে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করে এবং কারাখানার অভ্যন্তরে উচ্ছৃঙ্খলভাবে ভয়ভীতি প্রদর্শন ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে কারখানা ত্যাগ করেন। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল।
এ অবস্থায় শ্রমিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩ (১) মোতাবেক কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাসময়ে নোটিশের মাধ্যমে জানানো হবে।
এর আগে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানায় উপস্থিত থেকেও কাজে যোগদান থেকে বিরত থাকা ও ভাঙচুর করার অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গত ১২ নভেম্বর শ্রমিকরা কারখানায় গেলে প্রধান ফটকে কর্তৃপক্ষের টানানো অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা নোটিশ দেখতে পান।