সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে আজও বন্ধ রয়েছে অন্তত ৩১টি কারখানা। এ ছাড়া পাঁচটি কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।
বন্ধ থাকা ৩১টি কারখানার মধ্যে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় ২২টি এবং শ্রমিক বিক্ষোভের মুখে ৯টি কারখানা বন্ধ রয়েছে।
অন্যদিকে ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।
এদিকে অন্যান্য কারখানার শ্রমিকেরা সকালে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। তবে নরসিংহপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশ করে হাজিরা দেওয়ার পর ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের ছুটি ঘোষণা করে।
শিল্পাঞ্চলে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
শিল্প পুলিশ-১-এর এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে।