ঢাকার সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকদের একটি দল। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা এবং আশপাশের কয়েকটি কারখানায় হামলার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিশ্চিন্তপুরে অবস্থিত নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে একদল শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা একটি বাস ভাঙচুরের চেষ্টা করেন। এ ছাড়া আশপাশের চালু কারখানাগুলোতেও হামলার চেষ্টা চালান। যেসব কারখানার শ্রমিকেরা কাজ শেষে দেরিতে বের হচ্ছিলেন, তাদের মারধর করার অভিযোগও পাওয়া গেছে।
এক শ্রমিক অভিযোগ করেন, অন্য কারখানার শ্রমিকেরা কেন কাজ বন্ধ না করে চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষোভ থেকে তাদের ওপর হামলা করা হচ্ছে। এমনকি রিকশা থেকে নামিয়েও শ্রমিকদের মারধর করা হয়েছে।
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আজ সোমবারও আশুলিয়ার বিভিন্ন কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকদের একাংশ। তারা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করেন। এতে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের কর্মবিরতির মুখে আজ নয়টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বসে ছিলেন।
এদিকে চলমান শ্রমিক অসন্তোষের জেরে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা। বন্ধ কারখানার মধ্যে হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশন গ্রুপের কারখানাও রয়েছে। এ ছাড়া আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সময়ে এসব কারখানা বন্ধ ও ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।