মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পাটাভোগে একটি অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ভয়ে গ্যারেজ পরিচালক অহিদুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) গভীর রাতে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের হরিবাড়ী এলাকায় ওয়াহিদুর রহমানের ভাড়া দেওয়া একটি অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত অহিদুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতুলি গ্রামের ওহাব আলী প্রধানের ছেলে। তিন মাস ধরে তিনি গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন। সেখানে স্ত্রী উসনা আক্তারকে নিয়ে বসবাস করতেন তিনি।
নিহতের স্ত্রী উসনা আক্তার জানান, ডাকাতরা মালামাল লুট করার একপর্যায়ে অহিদুল নিস্তেজ হয়ে পড়েন। তার কোনও সাড়াশব্দ না পেয়ে ডাকাতরা দ্রুত তার হাতের বাঁধন খুলে দেয়। এরপর লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অহিদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার ওসি আতাউর রহমান জানান, রবিবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে গ্যারেজ পরিচালক অহিদুল ইসলাম ও তার স্ত্রী উসনা আক্তারের হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে।
ডাকাত দল গ্যারেজে থাকা ১৮টি অটোরিকশার ৬১টি ব্যাটারি এবং দুটি সম্পূর্ণ অটোরিকশা লুট করে নিয়ে যায়। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় অহিদুলের কোনও সাড়াশব্দ না পেয়ে তার হাতের বাঁধন খুলে দেয় ডাকাতরা। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।