গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, গুলিবর্ষণ ও ভাঙচুরের পাশাপাশি নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছয়টি ককটেল বিস্ফোরণ ও ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সমাবেশে নেতাদের বক্তব্য দেওয়ার সময় তাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের ছাত্রলীগ কর্মী সাজিদের ধাক্কাধাক্কি হয়।
এ ঘটনার জেরে সন্ধ্যার পর দুই গ্রামের আওয়ামী লীগ সমর্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ভাঙচুর। সংঘর্ষের মধ্যে ফুল মার্কেটের ১০টি ফুলের দোকান ভাঙচুর করা হয়। এতে ২০ জন আহত হন।
তাদের মধ্যে গুরুতর আহতরা হলেন- চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯) ও শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) আর ঘোষেরচর গ্রামের কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭)। গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আহত ব্যক্তিরা।
সংঘর্ষে গুলিবিদ্ধ চারজন হলেন- চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তার ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০)। তাদের গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া আহত চরমানিকদাহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) এবং শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান (৬) গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক নাঈম ফেরদাউস জানান, চারজনের শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে। তাদের এক্স-রে করানোর জন্য পাঠানো হয়েছে। অন্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের মালিক তামিম মোল্লা জানান, মিছিলের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। সংঘর্ষের সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।’