গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষিপ্তভাবে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, শ্রীপুরে কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন। সকাল সাড়ে ৯টার দিকে বাঘের বাজার এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো, সিল্কেন সুইং, মেম্বারবাড়ী এলাকার কারখানা; ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড; বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস ও গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং নতুন বাজার এলাকার মেঘনা হাই ফ্যাশন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাঘের বাজার, মেম্বারবাড়ী ও ভবানীপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন। ভবানীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত কয়েকটি স্থানে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়।

বাঘের বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। পরে নতুন বাজার এলাকার পরমাণু কৃষি গবেষণাকেন্দ্রের সামনে শ্রমিকরা মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় ঢাকা অভিমুখী লেনে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নতুন বাজার থেকে শ্রমিকরা মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে শিরিরচালা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এরপরও শ্রমিকদের ছোট ছোট দল বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, আশপাশের অনেক পোশাক কারখানায় ছুটি ঘোষণা না করায় শ্রমিকদের একাংশ কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে অবস্থান করছেন। তাদের দাবি, আন্দোলনে অংশ নেওয়া ও না নেওয়া সব শ্রমিকেরই বেতন বাড়াতে হবে। একদল শ্রমিক সড়কে আন্দোলন করবেন, আরেক দল কারখানায় কাজ করবেন এ ধরনের বৈষম্য তারা মেনে নেবেন না। সব কারখানার শ্রমিকদের আন্দোলনে সমর্থন ও অংশগ্রহণের আহ্বান জানান তারা।

গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।