গভীর রাতে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে রাতের বেলায় ভেকু দিয়ে একটি বসতবাড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, বাড়ি ভাঙার সময় একাধিকবার পুলিশের সহায়তা চেয়েও তারা সাড়া পাননি। তবে পুলিশ বলছে, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ওই এলাকায় তাদের পৈতৃক ও কেনা মিলিয়ে সাড়ে ১২ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন ধরে পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহীন, সবুজ সজীব ও জসিমসহ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা করছেন। জমির মালিকানা নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান। বিরোধ নিষ্পত্তির জন্য সিদ্ধিরগঞ্জ থানায় একাধিকবার সালিসও হয়েছে। তবে সেসব বৈঠক থেকে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়।

ভুক্তভোগী সুলতানা বেগম অভিযোগ করেন, কয়েক মাস ধরেই অভিযুক্ত ব্যক্তিরা তাদের বসতভিটা দখলের চেষ্টা করছেন। এর ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে ১৫০ থেকে ২০০ জনের একটি দল ভেকু নিয়ে এসে বাড়িটি ভেঙে ফেলে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। হঠাৎ ঘর কেঁপে উঠলে প্রথমে ভূমিকম্প হচ্ছে বলে মনে হয়েছিল। পরে বাইরে বেরিয়ে দেখেন, ভেকু দিয়ে তাদের প্রায় ৪০ বছরের পুরোনো বসতবাড়ি ভাঙা হচ্ছে।

সুলতানা বেগমের দাবি, ঘটনার কয়েক ঘণ্টা আগে অতিরিক্ত পুলিশ সুপার ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি তাদের বাড়ি পরিদর্শন করেছিলেন। হামলার সময় ৯৯৯ নম্বরসহ বিভিন্ন মাধ্যমে পুলিশকে বিষয়টি জানানো হয়। কিন্তু তারা প্রয়োজনীয় সহায়তা পাননি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বাড়ি ভাঙার কাজ শেষ হয়ে যায়।

সুলতানার ভাই গোলাম মোস্তফাও একই অভিযোগ করেন। তিনি জানান, গত ৫ নভেম্বর রাতেও একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ি ভাঙতে এসেছিল। সেদিন ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গেলে তারা চলে যায়। যাওয়ার সময় ৭ নভেম্বর আবার হামলার হুমকি দিয়েছিল। তার অভিযোগ, সোমবার রাতেও পুলিশকে বারবার জানানো হলেও কার্যকর সহায়তা মেলেনি। পরে পুলিশ এলেও তাদের উপস্থিতিতেই বাড়ি ভাঙার কাজ শেষ করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক। তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এর আগে দখলের চেষ্টা হলে পুলিশ গিয়ে বাধা দিয়েছিল। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের দেওয়া লিখিত অভিযোগ তদন্তাধীন। সোমবার রাতে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, জমি নিয়ে দেওয়ানি মামলা চলমান থাকলে মালিকানা নির্ধারণের বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে। তবে বাড়ি ভাঙার ঘটনায় কোনও ফৌজদারি অপরাধ হয়ে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার দিবাগত রাতের পর ভোর ৪টার দিকে বাড়ি ভাঙার খবর জানিয়ে ভুক্তভোগী পরিবার ৯৯৯ নম্বরে ফোন করে। খবর পাওয়ার পর থানা থেকে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙার অভিযোগ সঠিক নয়।

তিনি আরও বলেন, জমি নিয়ে দেওয়ানি মামলা চলমান থাকলেও এ ঘটনায় ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে ভুক্তভোগীরা থানায় মামলা করতে পারবেন। রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।