তথ্য সংগ্রহে গিয়ে কনস্টেবল হত্যা: রাতভর অভিযানে গ্রেফতার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের একজন পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজনকে মুন্সিগঞ্জ থেকে এবং অন্যদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের একজন রিয়াজ ওরফে ডেভিডকে নিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পায়ে গুলি করে। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এর আগে গত ২২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে যান পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন (৩২) নিহত হন। তবে এএসআই সাত্তার দৌড়ে আত্মরক্ষা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকার মাদক চোরাকারবারিরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা ও পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন।