লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে। তার এমন আচরণের প্রতিবাদে মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাদের কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন। এ ঘটনার পরপরই বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদ মিছিল করেন।
শাকিল পাটওয়ারী আরও বলেন, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ওমর ফারুক রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
অভিযুক্ত মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে জামিন পাওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি। এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনও দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। এখন আবারও ফ্যাসিবাদী কায়দায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জামিন নিয়ে তারা আমাদের ও আইনজীবীদের হুমকি দিচ্ছেন। কিছু আইনজীবীও তাদের উৎসাহ ও সমর্থন দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।