রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে

রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার মধ্যে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা না করার আহ্বান জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ। 

রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে হবে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‌‘গত ১৯ নভেম্বর লকডাউন চলাকালে প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক বিদ্যুৎ অফিসে এসে হামলা চালায়। এ সময় অফিসের কয়েকটি গ্লাস ভাঙচুর করা হয়। পাশাপাশি শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দিয়ে পরে যেন নামানো না হয়, সে বিষয়ে হুমকি দেওয়া হয়। এতে কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন।’

তিনি বলেন, ‘সামনে আবারও রাজনৈতিক কর্মসূচি ও লকডাউন রয়েছে। এ সময় বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা বিদ্যুৎ লাইনে হামলা, ভাঙচুর বা তার ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার অভাবে কর্মকর্তা-কর্মচারীরা জরুরি মেরামতের কাজে বাইরে যেতেও ভয় পাবেন। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা ছাড়া বিকল্প থাকবে না।’

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘গোপালগঞ্জের সব রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষই বিদ্যুৎ বিভাগের গ্রাহক। তাই দলমত নির্বিশেষে সবার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা তাদের দায়িত্ব। কোনও রাজনৈতিক পক্ষের কারণে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে ভোগান্তিতে পড়বেন জেলার সব এলাকার মানুষ। বিষয়টি বিবেচনায় নিয়েই গ্রাহকদের সতর্ক ও সচেতন করতে ফেসবুকে ওই অনুরোধ জানানো হয়েছে।’