মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আলমগীর দালালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
আলমগীর সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকার নান্নু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সংঘর্ষ চলাকালে নদীতে ঝাঁপ দেন আলমগীর। এরপর তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে দুই দিন তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার (২৮ নভেম্বর) সকালে ঘটনাস্থলের কাছাকাছি নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২৬ ও ২৭ নভেম্বর টানা দুই দিন ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েও আলমগীরের সন্ধান পায়নি। শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় দুটি মামলা হয়েছে এবং পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সেলিম নামের এক যুবক নিহত হন। শিশুসহ আহত হন অন্তত পাঁচজন। সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আলমগীর।