পদ্মা সেতুতে আজ টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার টাকা

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার প্রভাবে পদ্মা সেতুতে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি নভেম্বর মাসে সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৯ হাজার ৩১৫টি যানবাহন পারাপার হলেও রবিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত পার হয়েছে মাত্র ৭ হাজার ২৫০টি। অর্থাৎ স্বাভাবিক দিনের গড়ের তুলনায় ১২ হাজার ৬৫টি যানবাহন কম পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার ৫০ টাকা।

পদ্মা সেতুর সাইট অফিসের তথ্য অনুযায়ী, ২৯ নভেম্বর রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৬ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ৩ হাজার ৯৭১টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৫১ লাখ ৬৫ হাজার ১০০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ২৭৯টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৩৫ লাখ ২৪ হাজার ৯৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ৭ হাজার ২৫০টি যানবাহন থেকে মোট টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার ৫০ টাকা। সেতু দিয়ে উভয় প্রান্ত মিলিয়ে ১ হাজার ১৫৯টি মাঝারি যাত্রীবাহী বাস চলাচল করেছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৯ হাজার ৩১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে দৈনিক গড় টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকা। সেই হিসাবে রবিবার বিকাল ৪টা পর্যন্ত যানবাহন পারাপার ও টোল আদায়—দুটিই স্বাভাবিক দৈনিক গড়ের তুলনায় অনেক কম।

এর আগের দিন শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ২০ হাজার ৪২টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে নগদ, ক্রেডিট কার্ড ও ইটিসিএস ট্যাগের মাধ্যমে মোট ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।

অবরোধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পদ্মা সেতুতে যানবাহন পারাপার কমেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।