কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ, ভাঙ্গা, মোল্লাহাট ও টেকেরহাটসহ বিভিন্ন স্থানে অবরোধ এবং বিক্ষোভের প্রভাবে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে এসব জেলার সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে খুলনা, সাতক্ষীরাসহ ১১ জেলার পরিবহন যশোর-মাগুরা হয়ে আরিচা-পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় চলাচল শুরু করেছে। তবে বিকল্প পথে দূরত্ব ও সময় বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা-ভাঙ্গা অংশসহ বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত হয়। গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হয়। ভাঙ্গা, মোল্লাহাট ও টেকেরহাটেও আন্দোলনকারীরা সক্রিয় থাকায় এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়।
পদ্মা সেতু হয়ে সরাসরি ঢাকায় যাতায়াত করতে না পারা ২১ জেলা হলো—সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, বাগেরহাট, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরগুনা ও পটুয়াখালী।
পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর সকাল থেকে যশোর-মাগুরা হয়ে আরিচা-পাটুরিয়া ফেরিঘাট ব্যবহার করে ১১ জেলার কিছু পরিবহন ঢাকায় চলাচল করছে। জেলাগুলো হলো—সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল ও রাজবাড়ী।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, ২৮ নভেম্বর থেকে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হওয়ায় ওই দিন বিকাল ৫টা থেকে পরিবহন মালিকেরা গোপালগঞ্জ হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। ২৯ নভেম্বর থেকে খুলনা, সাতক্ষীরাসহ এ অঞ্চলের পরিবহন যশোর-আরিচা-পাটুরিয়া রুটে চলাচল শুরু করে। তবে রবিবার আন্দোলন সহিংস হওয়ায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার কোনও পরিবহনই গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু ব্যবহার করে ঢাকায় যেতে পারছে না। যেতে চাইলেও যেতে পারছি না আমরা।
তিনি আরও বলেন, এর আগে ১৮ নভেম্বরের ঘটনার পরও গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ হয়েছিল। ১৯ নভেম্বর দুপুরে বিকল্প রুট হিসেবে যশোর-আরিচা-পাটুরিয়া হয়ে ঢাকায় বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে রবিবার সকাল ১০টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হলে পদ্মা সেতু দিয়ে সীমিত আকারে জরুরি যানবাহন চলাচল শুরু হয়। তবে অ্যাম্বুলেন্স, জরুরি খাদ্যপণ্যবাহী যানবাহন ও দু-একটি ব্যক্তিগত গাড়ি ছাড়া সেতুতে যানবাহনের উপস্থিতি ছিল খুবই কম। যাত্রীবাহী বাস চলাচল প্রায় বন্ধই ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা ও বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় এক থেকে দেড় হাজার যাত্রীবাহী বাস পদ্মা সেতু পার হয়ে ঢাকায় যাতায়াত করে। কিন্তু রবিবার সেতুতে বাসের উপস্থিতি ছিল না বললেই চলে।
সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান করা স্থানীয় গণমাধ্যমকর্মী আরিফুজ্জামান জানান, সকাল থেকে সেখানে অবস্থান করলেও পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল ছিল খুবই সীমিত। মাঝে মাঝে অ্যাম্বুলেন্স, দু-একটি ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন দেখা গেলেও যাত্রীবাহী বাস চোখে পড়েনি। সেতুর আশপাশেও যাত্রীদের উপস্থিতি ছিল কম।
শরীয়তপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক তালুকদার জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে সীমিত আকারে বাস চলাচল শুরু হয়। এক্সপ্রেসওয়ে ব্যবহার না করে রূপবাবুর ক্যান্টনমেন্ট সড়ক দিয়ে বিকল্প পথে কিছু বাস ঢাকার উদ্দেশে যেতে পারছে।
তিনি বলেন, স্বাভাবিক দিনের তুলনায় রবিবার ২০-২৫টি বাস কম চলেছে। যাত্রীসংখ্যাও ছিল অনেক কম। মাদারীপুর ও বরিশাল থেকে কিছু যাত্রী আসায় অল্পসংখ্যক যাত্রী নিয়ে বাসগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের কারণে যাত্রীদের ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। মাদারীপুরের টেকেরহাট এলাকার বাসিন্দা সোহেল হোসেন জানান, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
তিনি বলেন, অনেক যাত্রীকে পরিবারের সদস্যদের নিয়ে ব্যাগ হাতে হেঁটে যেতে দেখা গেছে। কেউ রিকশা বা ভ্যানে উঠছেন, আবার কিছু দূর যাওয়ার পর নেমে হাঁটছেন। এভাবে ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে।
খুলনার ময়লাপোতা এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম জানান, শনিবার বিকাল থেকেই পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রয়েছে। খুলনা থেকে বাসগুলো দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট হয়ে বিকল্প পথে ঢাকায় যাতায়াত করছে। এতে যাত্রাপথের দূরত্ব ও সময় বেড়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি জানান, তার বড় ভাই শফিকুল ইসলাম খুলনা থেকে বাসে ঢাকায় গেছেন। ঢাকায় পৌঁছে ফোনে দীর্ঘ যাত্রার ভোগান্তির কথা জানিয়েছেন।
বরিশালের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কাজী নুরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে সড়কে চলাচল করা যাচ্ছে না। রবিবার ঢাকায় একটি সভায় যোগ দেওয়ার কথা থাকলেও বাস চলাচল বন্ধ থাকায় তিনি যেতে পারেননি। কেউ কেউ বিকল্প পথে ভেঙে ভেঙে যাতায়াত করছেন। শরীয়তপুর সীমান্তবর্তী এলাকার কিছু যাত্রী মুলাদী ও গোসাইরহাট হয়ে শরীয়তপুরের দিকে যাতায়াত করছেন।
তিনি আরও বলেন, অনেকে রাতে নদীপথে লঞ্চে ঢাকায় যাওয়ার অপেক্ষায় রয়েছেন। নিরাপদ যাতায়াতের কথা বিবেচনা করে তিনিও রাতের লঞ্চে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছেন।
অবরোধ ও বিক্ষোভের কারণে পদ্মা সেতু, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে ভোগান্তি বেড়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষকে বিকল্প সড়ক ও নৌপথ ব্যবহার করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ দুর্ভোগ অব্যাহত থাকার আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।