বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ, কর্মী আহত

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে করা বিএনপির মিছিলে বিস্ফোরক জাতীয় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে সুজন বেপারী (৩৫) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন।

এ ছাড়া ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিক্ষুদ্ধ বিএনপির নেতাকর্মীরা। একইসঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুর রাজবাড়ির রাস্তার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

উভয় ঘটনা রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে হয়েছে।

মিছিলটিতে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মী, প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে শহরের পূর্বখাবাসপুর মহাকালী মোড় এলাকা থেকে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। এতে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

মিছিলটি কোতোয়ালি থানার সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে অতর্কিতভাবে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণে সুজন বেপারী আহত হলে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে পাশের একটি বাণিজ্যিক ভবনের ভেতর থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা।

আহত সুজন বেপারী জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার আব্বাস বেপারীর ছেলে এবং বিএনপির সক্রিয় কর্মী বলে নেতাকর্মীরা জানিয়েছেন। এ ছাড়া আটককৃতদের মধ্যে রয়েছেন- জেলা সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর মঙ্গলপাড়া এলাকার হাসান চৌধুরীর ছেলে শাওন চৌধুরী (২৫) ও একই এলাকার মোস্তাক মন্ডলের ছেলে বাকের আলী মন্ডল (২৬)।

ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সরোজিৎ দাস জানান, আহত সুজন বেপারীর ডান হাত ও দুই পায়ে রক্তাক্ত আঘাত রয়েছে। এ ছাড়া পায়ে কিছুটা ঝলসানো আছে।

ঘটনাস্থলটি কোতোয়ালি থানা থেকে প্রায় ২০০ মিটার দূরে। সেখানে দোকানপাট বন্ধ রয়েছে। এ সময় কয়েকজন রিকশাচালক জানান, তারা বিকট শব্দ শুনেছেন। এ ছাড়া একটি জুতার শোরুমের কাচের গ্লাস ভেঙে গেছে বলে অনেকে জানান।

অপরদিকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণ  বিকট শব্দে আশেপাশে এলাকায় আতঙ্ক  ছড়িয়ে পড়ে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। ঠিক জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে আমাদের ওপরে ককটেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে দুই জনকে হাতেনাতে আটক করা হয়েছে, এরা আওয়ামী সন্ত্রাসী। এদের মাস্টারমাইন্ডদের প্রশাসন যেন অনতিবিলম্বে গ্রেফতার করে। আর যদি প্রশাসন ব্যর্থ হয়ম তাহলে প্রত্যেকটা ঘর থেকে আওয়ামী সন্ত্রাসীদের বের করে এনে জনতার সামনে বিচার করা হবে।

ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশ দিয়েছে। থানা পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।