মাদারীপুর সদর হাসপাতালে তৃতীয় দিনের মত ধর্মঘট, ভুগছেন রোগীরা

মাদারীপুরমাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের অভিযোগে তৃতীয় দিনের মত ধর্মঘট চলায় রোগীদের দুর্ভোগ চরমে ঠেকেছে।
শুক্রবার সকাল থেকে চিকিৎসক-কর্মচারীরা মারধরের দায়ে অভিযুক্তদের বিচারের দাবিতে ধর্মঘটের ঘোষণা দেন। চিকিৎসা সেবা বন্ধ থাকায় হাসপাতাল ছেড়েছেন ভর্তি হওয়া রোগীরা। ইতোমধ্যেই হাসপাতালের ৯৫ শতাংশ বেড খালি হয়ে গেছে। এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
চিকিৎসকদের দাবি, নিরাপত্তার জন্য হাসপাতাল চত্বরে পুলিশ বক্স স্থাপন করা হোক।
মাদারীপুর সদর হাসপাতালে বৃহস্পতিবার ভোর রাতে এক রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার আত্মীয়-স্বজন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক খন্দকার মাঈনুল আহসানকে মারধর ও লাঞ্ছিত করে অভিযোগ চিকিৎসকদের। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে জরুরি বিভাগ ছাড়া সমস্ত চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।

আরও পড়ুন: সাধু পরমানন্দ রায়গোপালগঞ্জে নিহত সাধু সমাহিত, হত্যার দায়ে অভিযুক্ত তরুণ গ্রেফতার

চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে শনিবার বেলা ১১টায় মাদারীপুর হাসপাতালের সামনে মানববন্ধন করেন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, ইনডোর ও আউটডোর স্বাস্থ্যসেবা বন্ধ থাকলেও জরুরি বিভাগে চিকিৎসা অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।

/এইচকে/