ইউপি নির্বাচন নিয়ে সহিংসতা :দুই শ’জনের বিরুদ্ধে মামলা

ইউপি নির্বাচন

ফরিদপুরের মধুখালীর বাগাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মতিয়ার রহমানের ভাই আতিয়ার রহমান নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। রবিবার গভীর রাতে মধুখালী থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান। মামলায় ১০২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি দায়ের করেন। শনিবার রাতে আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনি নিহত হন।

মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, আতিয়ার রহমান নিহতের ঘটনায় তার ভাই মতিয়ার রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রার্থী রহিম ফকিরসহ এ পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বাগাট ইউনিয়নজুড়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে আতংক বিরাজ করছে। ‌এরইমধ্যে অনেক বিএনপি নেতাকর্মী গ্রেফতার আতঙ্কে ইউনিয়ন ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।

আরও পড়তে পারেন : ‘জয়কে অপহরণের কথা শফিক রেহমান হয়তো জানতেন কিন্তু জড়িত নন’

মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন ইরান চৌধুরী অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মাঝে কোন্দলের সূত্র ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সেখানে বিএনপি প্রার্থী ও সমর্থকদের কোনও সংশ্লিষ্টতা নেই। দীর্ঘদিনের চেয়ারম্যান রহিম ফকিরকে নির্বাচন থেকে সরিয়ে দিতে এবং বিএনপির নেতাদের ঘরছাড়া করে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতেই এই মামলা দেওয়া হয়েছে।

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর এই অভিযোগ সম্পর্কে বলেন, এটা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ । এই সংঘর্ষে বিএনপির কোনও সংশ্লিষ্টতা ছিল না। আগামী ৭ মে বাগাট ইউনিয়নের নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

/জেবি/