কতিপয় লোকের জন্য সুন্দরবন ধ্বংস হতে দেওয়া যাবে না: বনমন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুপরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সুন্দরবনে যারা আগুন দিয়েছে তারা সংখ্যায় অল্প। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কতিপয় লোকের জন্য সুন্দরবন ধ্বংস হতে দেওয়া যাবে না। রোববার দুপুরে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে বনবিভাগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব বলেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা বনে আগুন দিয়েছে তারা এ এলাকার মানুষ। তাদের আপনারা চেনেন ও জানেন। তাই সুন্দরবন রক্ষার জন্য ওই অপরাধীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন।

সুন্দরবন পূর্ব বিভাগের দুটি রেঞ্জে বনজীবীদের পারমিট বন্ধ থাকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বনে বারবার আগুন লাগার কারণে তা বন্ধ রাখা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মদ অতুল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী, বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. জহির উদ্দিন আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকনসহ প্রমুখ।

এর আগে বনমন্ত্রী সকালে হেলিকপ্টারে শরণখোলায় নেমে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলায় আগুনে লাগা এলাকায় পরিদর্শন করেন। পরে তিনি হেলিকপ্টারে করে শরণখোলা ত্যাগ করেন।

আরও পড়তে পারেন: ভালো নেই মায়ের গর্ভে গুলিবিদ্ধ সেই সুরাইয়া

/এমও/