স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত এখনও থামেনি: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুদেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত থেমে নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষার হার ৭০ শতাংশে উন্নীত হয়েছে। এমন অবস্থায় দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত থেমে নেই। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিএনপিও। মানবতাবিরোধী অপরাধীদের বিচার ইস্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছেন। রবিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ মাত্র সাড়ে ৩ বছর ক্ষমতায় ছিল। এরপর ১৯৯৬ সালে আবার ক্ষমতায় আসে। এ সময়ে দেশের ও মানুষের উন্নয়নে আওয়ামী লীগ কাজ করেছে। সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে আওয়ামী লীগের চেষ্টা অব্যাহত আছে। এ সময় তিনি দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের  নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্‌বান জানান।
আরও পড়তে পারেন: বৈষম্যমূলক নীতিমালা ও হয়রানি থেকে মুক্তি চান সুপারমার্কেট মালিকরা

সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বেগম রিফাত আমিন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।

পরে শিল্পমন্ত্রী সাতক্ষীরার ভোমরা বন্দরে শুল্কমুক্ত বিপণীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

/এসএনএইচ/এমএনএইচ/