ঝড়ে খুলনায় নিহত ২, ছয় গ্রাম ক্ষতিগ্রস্ত

কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড়ে খুলনার বটিয়াঘাটায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে সীমা মণ্ডল (২৭) ট্রলার ডুবিতে নিহত হয়েছেন। এছাড়া উপজেলার ঝড়ভাঙ্গা গ্রামে গাছ চাপা পড়ে নিপুল গোলদার (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, শনিবার বিকাল ৩টার দিকে ঝড় শুরু হয়। এসময় পাইকগাছা থেকে বারআড়িয়ার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলার বারআড়িয়া ঘাটের অদূরে ভদ্রা নদীতে ডুবে যায়। ট্রলারটিতে ১২ জনের মত যাত্রী ছিল। এর মধ্যে সীমা মণ্ডলের লাশ উদ্ধার করা হয়েছে। সামসুল হক নামে আরেকজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে। ট্রলারটির অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

এদিকে, শনিবার বিকালে ঝড়ের সময় নারকেল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় তা ভেঙে পড়লে ঝড়ভাঙ্গা গ্রামের নিপুল গোলদার আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঝড়ের আঘাতে উপজেলার ৬টি গ্রামে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ৪০টির বেশি ঘর ভেঙে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে, গাওঘরা, কল্যাণশ্রী, গজালিয়া, সুরখালী, ভাণ্ডারকোট ও বারআড়িয়া।

 আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

/এসটি/