জানা গেছে, কুষ্টিয়া শহর থেকে ছয় কিলোমিটার দূরে বটতৈল শিশিরপাড়া মাঠ এলাকায় মীর ছানাউর রহমান তার বাগানবাড়িতে প্রতি শুক্রবার গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতেন। গত ২০ মে সকালে মোটরসাইকেলে করে সেখানে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার সঙ্গী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামানকেও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
হোমিও চিকিৎসক মীর ছানাউর রহমান হত্যার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। হত্যাকাণ্ডের পর মীর ছানাউর রহমানের সেজ ভাই মীর আনিছুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
আনিসুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের বেলায় এতবড় একটি হত্যাকাণ্ড ঘটে গেল। তারপর এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনও হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি। এটা দুঃখজনক। পরিবারের সবাই হতাশ।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুততম সময়ের হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।
ওসি আরও বলেন, ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী গ্রামের সড়কের পাশে একটি কাশবনে রক্তমাখা চাপাতি, পাঞ্জাবি, পায়জামা ও জিন্সের প্যান্ট ফেলে যায়। সেসব পোশাকও পরীক্ষা করে দেখা হচ্ছে।
আরও পড়ুন-
রক্তের সেতুবন্ধনে যত বাধা ছিল
মীর কাসেমের রিভিউ শুনানি ২৫ জুলাই
/এফএস/