জোড়া খুন : মৃত তিন চরমপন্থীসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

 High-Court-1_2

খুলনার রূপসা উপজেলায় জোড়া খুনের মামলায় মৃত তিন চরমপন্থীসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার ১৪ বছর পর বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আল মামুন এই রায় ঘোষণা করেন। ২০০২ সালের ১৫ এপ্রিল শোয়েবুর রহমান ঢালী এবং আতিয়ার রহমান ঢালীকে গুলি করে হত্যা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ৫ আসামি আদালতের কাঠগড়া উপস্থিত ছিলেন। তারা হলেন, আব্দুর রহিম, মনিরুল ইসলাম, আব্দুস সোবহান, এসকেন্দার ও কাওসার আলী। মিলন ও হারুন নামে আরও দুই আসামি পলাতক রয়েছে। অপর তিনজন বিচার চলাকালে মারা যায়।

খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের অতিরিক্ত পিপি এম এম সাজ্জাদ আলী বলেন, ২০০২ সালের ১৫ এপ্রিল রাত পৌনে ৮টায় রূপসা উপজেলার দুর্জনীমহল এলাকার শহীদের চায়ের দোকানের সামনে শোয়েবুর রহমান ঢালী ও আতিয়ার রহমান ঢালীকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন শোয়েব ঢালী এবং গুরুতর আহত আতিয়ার রহমান ঢালী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহত শোয়েব ঢালীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে রূপসা থানায় ৪১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ২০০৩ সালের ১৭ মে রূপসা থানার এসআই আনিছুর রহমান ৪১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত এই মামলার শুনানিকালে ৩৩ জনের মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে বুধবার মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে যাবজ্জীবন দণ্ডাদেশের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

তিনি আরও বলেন, শোয়েবুর রহমান ঢালী এবং আতিয়ার রহমান ঢালী হত্যা মামলাটির এ পর্যন্ত ৯৬ বার তারিখ পড়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : শোলাকিয়ায় হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ যুবকের জামিন নামঞ্জুর