মুচলেকা দিলে ছাড়া পাবে বাকি ৩ জন: পরিবার

জঙ্গি নিবরাসের আশ্রয়দাতা দু’জনকে আটকের ২০ দিন পর থানায় সোপর্দ

Jhenidah-(Nirbas)-missing-arrest-photoগুলশান হামলায় নিহত জঙ্গি নিবরাস ইসলামকে ওই ঘটনার আগে বাসা ভাড়া দিয়ে থাকার সুযোগ দেওয়ার অভিযোগে ২০ দিন আগে আটক ৫ জনের মধ্যে দু’জনকে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করেছে র‌্যাব-৬। এ দু’জন হচ্ছেন ঝিনাইদহ শহরের সোনালীপাড়া এলাকার বাড়িওয়ালা সাবেক সেনা সদস্য কাওছার আলী ও নিবরাসকে বাসা ভাড়া নিতে সহায়তাকারী স্থানীয় মসজিদের ইমাম রোকনুজ্জামান।
এ ঘটনায় ওই রাতে নিখোঁজ হওয়া বাড়িওয়ালা কাওছার আলীর দুই ছেলে ও আরেক হাফেজের সন্ধান এখনও মেলেনি। তবে মুচলেকা দিয়ে তাদের বাড়ি ফিরিয়ে নেওয়া যাবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিবার সদস্যদের এমন শর্ত দেওয়া হয়েছে বলেও একটি সূত্র জানিয়েছে।
ঝিনাইদহ র‌্যাবের কমান্ডিং অফিসার মেজর মুনির জানান, বাড়ি ফিরে আসার খবর পেয়ে তারা এ দুজনকে আটক করে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করেন।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, র‌্যাব কাউছার আলী ও রোকনুজ্জামান নামে দুই ব্যক্তিকে থানায় দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে কী অভিযাগ, কেন আটক করেছে এ ব্যাপারে আমরা কিছুই জানি না। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, জঙ্গি নিবরাস ইসলামকে সহায়তার দায়ে ঝিনাইদহের সোনালীপাড়া থেকে ৫ জনকে আটক করে নিয়ে যায় ঢাকা থেকে আগত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরিবার সদস্যদের দাবি অনুযায়ী আটককৃত অন্য তিন জন হলেন, ঝিনাইদহ শহরের সোনালী পাড়ার কাওছার আলী মোল্লার দুই ছেলে ঝিনাইদহ কলেজের ছাত্র বিনছার আলী ও নারিকেলবাড়িয়া কলেজের ছাত্র বেনজির আলী, এবং ছারশিনা মাদ্রাসার ছাত্র আদর্শপাড়া কচাতলা মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদের কিশোর ছেলে হাফেজ আব্দুর রব।

কাওছার আলীর স্ত্রী বিসকিস নাহার অভিযোগ করেন, ৬ জুলাই তার স্বামী কাওছার আলী, দুই ছেলে বিনছার আলী ও বেনজির আলীসহ ৫ জনকে আটক করে নিয়ে যায়। তবে ঝিনাইদহ র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে বরাবরই এই ৫ জনের আটকের খবর অস্বীকার করে আসছে।

এদিকে সাবেক সেনা সদস্য কাউছার আলী ও মসজিদের ইমাম রোকনুজ্জামানকে থানায় সোপর্দ করলেও এখনো বিনছার আলী, বেনজির ও হাফেজ আব্দুর রব ফিরে না আসায় তাদের পরিবারে শংকা বাড়ছে। তবে এদের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফোন করে এই তিনজনকে মুচলেকা দিয়ে আনার জন্য বলেছে। এখন আমরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন: সিলেটে মহানগর জামায়াতের সেক্রেটারি ও দুই যুবলীগ কর্মী গ্রেফতার

/টিএন/আপ-এআর/