এমপিকে খুনের হুমকি অস্বীকার করেছেন বাস্তুহারা লীগ নেতা

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাস্তহারা লীগ নেতা রিপন জোয়ার্দারঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে জেএমবি পরিচয়ে হত্যার হুমকি দেওয়ার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন বাস্তহারা লীগ নেতা রিপন জোয়ার্দার।

সংগঠন থেকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে  তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সংগঠন থেকে সরানোর জন্য একটি মহল ঘটনাটি সাজিয়ে তাকে দোষারোপ করছে।  লিখিত বক্তব্যে রিপন দাবি করেন, তিনি সংগঠনের একজন নিবেদিত কর্মী। তিনি এই বাস্তুহারা লীগকে কালীগঞ্জে উজ্জীবিত করেছেন।  রিপনের ধারণা, শাহীন নামে এক ব্যক্তিকে দিয়ে কুচক্রী মহল ঘটনাটি ঘটাতে পারে।

তিনি বলেন, ‘শাহিনকে দিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন অফিসে চিঠিপত্র পোস্ট করিয়েছি। কুচক্রীরা এই অপকর্মে তাকে ব্যবহার করে হয়তো এ কাজটি করিয়েছে।’ বিষয়টি তদন্তের অনুরোধ করে রিপন বলেন, ‘কোনও নোটিশ ছাড়াই আমাকে সংগঠন থেকে বহিষ্কার অবৈধ।’

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট জেএমবি পরিচয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও বাস্তুহারা লীগের কালীগঞ্জ উপজেলা সভাপতি রিপন জোয়ার্দারকে সাত দিনের মধ্যে হত্যা করার হুমকি দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি রেজিস্ট্রি চিঠি আসে। পরে সাংগঠনিক তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে, বাস্তুহারা লীগ সভাপতি রিপন জোয়ার্দার স্বয়ং চিঠি পাঠানোর ঘটনায় জড়িত। বুধবার এ ঘটনায় রিপনকে সংগঠন থেকে বহিষ্কার করে জেলা কমিটি।

ঝিনাইদহ জেলা বাস্তুহারা লীগের সভাপতি ওবাইদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সংগ্রাম জানান, রিপন জোয়ার্দারের বিরুদ্ধে বরাবরই অনেক অভিযোগ ছিল। এছাড়া তার বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রাথমিক অভিযোগ পাওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন:
জেএমবি’র নামে হুমকি: কালীগঞ্জ বাস্তুহারা লীগ সভাপতি বহিষ্কার

/বিটি/