যশোরে গুলিতে নিহত দুই যুবকের লাশ উদ্ধার

লাশের সঙ্গে পাওয়া নম্বরবিহীন মোটরসাইকেলশুক্রবার মধ্যরাতে যশোরের পৌরপার্ক ও যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে গুলিবিদ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। দু’জনের বয়সই ত্রিশের নিচে।

পুলিশ বলছে, ‘গোলাগুলি হচ্ছে’ বলে স্থানীয় লোকদের দেওয়া খবরের ভিত্তিতে মধ্যরাতে অনুসন্ধানে যায় তারা। পরে শহরের পৌরপার্ক ও যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করা হয়।

চিকিৎসক জানান, গুলিবিদ্ধ দুই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল কান্তি মল্লিক জানান, রাত সোয়া ২টার দিকে কোতোয়ালি থানার এসআই এসএম শহিদুল ইসলাম অজ্ঞাত এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনেন। তার মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে আনার ঘণ্টাখানেক আগে মারা যান ওই যুবক।

এর কিছু সময় পর রাত পৌনে ৩টার দিকে পুলিশ আরেক যুবককে হাসপাতালে আনে। এই যুবকেরও মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে। ডা. মল্লিক জানান, হাসপাতালে আনার অন্তত পৌনে এক ঘণ্টা আগে অজ্ঞাত এই যুবকের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘গোলাগুলি হচ্ছে বলে স্থানীয় লোকের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালে আনে।’

তিনি বলেন, ‘প্রথম লাশটি পাওয়া যায় পৌরপার্কে বাস্কেটবল গ্রাউন্ডের কাছে। সেখান থেকে একটি নম্বরবিহীন  মোটরসাইকেলও উদ্ধার হয়। মোটরসাইকেলটির পেছনে ভেনাস অটোস-এর স্টিকার সাঁটা রয়েছে।’

অন্য লাশটি উদ্ধার করা হয় যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট গেঞ্জির মিলের পাশ থেকে। গোলাগুলির পর মহাসড়কের উত্তর দিকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি পড়ে ছিল বলে ওসি জানান।

আরও পড়ুন- 

পদত্যাগে বাধ্য হয়েছি, চাকরিতে ফিরতে চাই: এসপি বাবুল
দুই আবেদনপত্রে যা লিখেছেন বাবুল আক্তার

লাউয়াছড়ায় ২৫ হাজার গাছ না কাটার সিদ্ধান্ত

/এফএস/