হিলিতে দেড় কোটি মূল্যের ভারতীয় শাড়ি ও কাপড় উদ্ধার

যশোরদিনাজপুরের হিলি সীমান্তের ফকিরপাড়ায় অভিযান চালিয়ে ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান করে এসব কাপড় আনা হয়েছিল।

রবিবার (২১ আগস্ট) ভোররাতে এসব শাড়ি-কাপড় উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, ভারতীয় শাড়ি ও কাপড়ের বড় একটি চালান নিয়ে চোরাকারবারী দল সীমান্ত অতিক্রম করে। তারা এসব পণ্য সীমান্তের ফকিরপাড়া এলাকায় মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে অভিযান চালানো হয়।

এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় শাড়ি ও কাপড়ের ৩৬টি বেল্ট ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে আসা হয়। পরে সেখানে বেল্টগুলো খুলে বেল্টের ভেতর থেকে ভারতীয় উন্নতমানের শাড়ি ৩ হাজার ৮৬৪ পিস, ২০টি থ্রি-পিস ও ৫৪০ মিটার থান কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। মালামালগুলো সিজারের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি বরাবরের মতোই গোপন তথ্যদাতাকে ধন্যবাদ জানিয়ে উপযুক্ত সন্মানি দেবে।

আরও পড়ুন- ফরিদপুরে টর্নেডোর আঘাতে জুট মিল ধসে ৫ কর্মীর মৃত্যু, আহত শতাধিক

/এফএস/