নৌযান শ্রমিকদের ধর্মঘটে অচল মংলা বন্দর

মংলা বন্দরনৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে মংলা সমুদ্র বন্দর। আজ  বৃহস্পতিবারও বন্দর চ্যানেলে অবস্থানরত দেশি-বিদেশি ৯টি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য বোঝাই, খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌপথে পণ্য পরিবহন।

বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল জানান, বিভিন্ন ধরনের আমদানি পণ্য নিয়ে বন্দর জেটি ও চ্যানেলে পণ্য খালাসের অপেক্ষায় বিদেশি জাহাজগুলো অলস পড়ে থাকায় মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। এছাড়া পণ্য বোঝাইয়ের জন্য বন্দর চ্যানেলে সারিবদ্ধভাবে নোঙর করে আছে শত শত পণ্যবাহী নৌযান।

ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল কাশেম মাস্টার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে। তিনি বলেন, নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান মঙ্গলবার মালিকপক্ষকে দাবি মেনে নিয়ে সমস্যা সমাধানের কথা বললেও মালিকপক্ষ এখনও তাতে সাড়া দেয়নি। দাবি আদায়ের লক্ষ্যে আজ  বিকেলে মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে নৌযান সংগ্রাম পরিষদ।

আরও পড়ুন:
সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

/বিটি/