ঝিনাইদহে ‘চিকিৎসকের ভুলে’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহঝিনাইদহের হরিণাকুন্ডু এক ডাক্তারের ভুল অস্ত্রোপচারে পলি খাতুন (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু ঘটে। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাটি তিনি জেনেছেন। তদন্ত করে দায়ী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
পলি একই উপজেলার পারফলসি গ্রামের আবুল কালাম ওরফে কালুর স্ত্রী।
শিখা ক্লিনিক মালিক কলিম উদ্দীন জানান, শুক্রবার রাতে পলি খাতুন সিজারিয়ানের জন্য ভর্তি হন ক্লিনিকে। রাতেই অপারেশন করেন হরিণাকুন্ডু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আলমগীর হোসেন। তিনি আরও জানান, মধ্যরাতে ভালোভাবে জ্ঞান ফিরে আসলেও পলি খাতুনের অবস্থার অবনতি হতে থাকে।  দ্রুত তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন ডা. আলমগীর।  শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ  ব্যাপারে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য এম সাইফুজ্জামান জানান,  ডা. আলমগীর হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঝিনাইদহ সিভিল সার্জনের কাছে তিনি লিখিত অভিযোগ করবেন।

হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন জানান, লিখিত অভিযোগ পেলে  তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এমডিপি/এইচকে/

আরও পড়ুন: ঝিনাইদহে গোপন বৈঠককালে ইবি’র কর্মকর্তাসহ আটক ৫