সার্চ কমিটিতে বিএনপির অংশ নেওয়ার বিষয়টিকে ‘কূটচাল’ বলে মনে করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জাসদ সভাপতি আরও বলেন, ‘যতক্ষণ না বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই সার্চ কমিটিতে অংশগ্রহণের বিষয়টি সূদুর প্রসারী কূটচাল বলে মনে হচ্ছে।’
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেয়।
এর আগে, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কমিটির কার্যক্রম শুরু হয়। কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে ৭ সদস্যের কমিটি এ বাছাই কার্যক্রমে অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মকবুল হোসেন, মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি আফতাব উদ্দিন খান, জেলা কমান্ডের প্রতিনিধি শফিউল ইসলাম মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম প্রমুখ।
/এমও/