গ্রাম পুলিশকে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে: শাজাহান খান

খুলনা শহীদ হাদিস পার্কে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন খুলনা বিভাগীয় সম্মেলনে বক্তব্য রাখছেন নৌমন্ত্রী শাজাহান খানমাদক যুব সমাজের জীবনীশক্তি ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘যুব সমাজসহ আমাদের সবাইকে মাদক, জঙ্গি, বাল্যবিয়ে ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর গ্রাম পুলিশকে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে।’ শনিবার দুপুরে খুলনার শহীদ হাদিস পার্কে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন খুলনা বিভাগীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। আমরা খাদ্যঘাটতি পূরণ করে বর্তমানে খাদ্য, পোশাক ও জাহাজ রফতানি করছি। আর পাকিস্তানিরা রফতানি করছে জঙ্গি। এ জন্যই পাকিস্তান হচ্ছে সন্ত্রাসী দেশ।’ তিনি বলেন, ‘আগামীতে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে পৃথিবীতে যে ৩০টি দেশ শীর্ষে অবস্থান করবে, বাংলাদেশ সেই অবস্থানে চলে যাবে। এটা এখন আন্তর্জাতিকভাবেও বলা হচ্ছে।’

বর্তমান সরকাকে হচ্ছে শ্রমবান্ধব সরকার উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শ্রেণি-পেশার মানুষের জন্যই দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। সব শ্রেণি-পেশার মানুষের মজুরি বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকারের আমলে শ্রমিকের মজুরি সর্বনিম্ন পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশদের ভাতা দ্বিগুণ করে বর্তমানে ৩০০০/৩৪০০টাকা করা হয়েছে। গ্রাম পুলিশদের সপ্তাহে এক দিন থানায় হাজিরা দেওয়ার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা ৩০০ টাকার আদেশ ইতোমধ্যে জারি হয়েছে।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা গাজী ম ম আমজাদ হোসেন মিলন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাবেক এসপি বীরবিক্রম মাহবুব উদ্দিন, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-এর সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।

/এমএনএইচ/